টাইম স্কয়ারে বঙ্গবন্ধু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কয়ার। প্রতি বছর এখানে আনুমানিক পাঁচ কোটি দর্শণার্থীর আগমন ঘটে।
সেখাইনেই ১৫ আগস্ট প্রদর্শিত হবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও-ভিজুয়াল ক্লিপ।
বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে বিশ্বখ্যাত বিশাল ‘বল ড্রপ’ বিলবোর্ডে ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিট অন্তর ৭২০ বার বঙ্গবন্ধুর ক্লিপটি দেখানো হবে।
অডিও-ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
উদ্যোগটি নিয়েছেন এক্সিম ব্যাংক ও আনোয়ার গ্রুপের আর্থিক সহায়তায় ফাহিম নামের একজন প্রবাসী বাংলাদেশি। তিনি তার যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের মাধ্যমে এ উদ্যোগ নিয়েছেন।